সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৯:২৬ পিএম
পাবনার চাটমোহরে সোমবার সন্ধ্যায় পশ্চিমাকাশে চাঁদ ও শুক্র গ্রহের এক বিরল মহাজাগতিক মিলনদৃশ্য প্রত্যক্ষ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিকেল গড়িয়ে গোধূলি নামতেই চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার বাসিন্দারা আকাশের দিকে তাকিয়ে এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে পান। অন্যান্য দিনের স্বাভাবিক কর্মব্যস্ততা ও সন্ধ্যার আড্ডার পরিবেশ ছাপিয়ে মুহূর্তেই সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রাতের আকাশের এই সৌন্দর্য।
চাঁদের পাশেই উজ্জ্বল বিন্দু হয়ে জ্বলছিল শুক্র। প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ধচন্দ্রাকার চাঁদের অত্যন্ত কাছাকাছি শুক্র গ্রহটি অবস্থান করছিল। চাঁদের রূপালি প্রান্তের সাথে গ্রহটির এমন নৈকট্য তৈরি হয়েছিল যে প্রথম দেখায় সাধারণ মানুষের কাছে মনে হচ্ছিল চাঁদ থেকেই যেন তীব্র একটি আলোকচ্ছটা বিচ্ছুরিত হচ্ছে।
এই নয়নাভিরাম দৃশ্য দেখে পথচারী, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ নিজেদের দৈনন্দিন কাজ থামিয়ে আকাশের পানে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন। মহাজাগতিক এই বিরল ঘটনার সাক্ষী হতে পেরে অনেকেই রোমাঞ্চ অনুভব করেন। অনেকে আবার এই দুর্লভ মুহূর্তটি স্মৃতি হিসেবে ধরে রাখতে নিজ নিজ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন