অক্টোবর ২১, ২০২৫, ০৭:৫৭ পিএম
ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা তাদের মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি মেসেঞ্জারের আলাদা (স্ট্যান্ড-অ্যালোন) ডেস্কটপ অ্যাপটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ ডিসেম্বরের পর ব্যবহারকারীরা আর এই ডেস্কটপ অ্যাপে লগইন করতে পারবেন না। এই পরিবর্তনটি শুধুমাত্র আলাদাভাবে ইনস্টল করা ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। যারা মোবাইলে মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করেন অথবা ব্রাউজারের মাধ্যমে সরাসরি ফেসবুকে বা মেসেঞ্জার ডট কমে চ্যাট করেন, তাদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, অ্যাপটি বন্ধ হয়ে যাওয়ার আগেই ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ চ্যাট হিস্ট্রি সংরক্ষণ করে রাখা উচিত। বিশেষ করে যারা ‘সিকিউর স্টোরেজ’ সুবিধা ব্যবহার করছেন না, তাদের তথ্য হারানোর ঝুঁকি থাকতে পারে।
যদিও মেটা আনুষ্ঠানিকভাবে অ্যাপটি বন্ধ করার বিস্তারিত কারণ জানায়নি, তবে ধারণা করা হচ্ছে, ডেস্কটপ অ্যাপের আলাদা রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা জনিত জটিলতা এবং সব প্ল্যাটফর্মে একই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন