নভেম্বর ২৪, ২০২৫, ০৯:৫৮ এএম
লেবাননে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইতাম আলি তাবাতাবাই নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছে হিজবুল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতের ঘনবসতিপূর্ণ দক্ষিণ উপকণ্ঠে এই ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হন।
হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আলি তাবাতাবাই ছাড়াও মোট পাঁচজন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরুতে একটি নয় তলা ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় এই হামলা চালানো হয়।২০২৪ সালের নভেম্বরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে তাবাতাবাই হলেন ইসরাইলের হাতে নিহত হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার।
লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরাইল এই ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালানোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি নিজেই এই হামলার নির্দেশ দিয়েছিলেন। যদিও ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও তেলআবিব লেবাননে নিয়মিত হামলা চালায়।
দক্ষিণ লেবাননে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং ইসরাইলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডের ভেতরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে। ইসরাইলের দাবি তারা হিজবুল্লাহ সদস্য এবং তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন