ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:৪৭ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। পালাম বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতা আজ রাতেই নৈশভোজে মিলিত হবেন এবং আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে তাদের বহু প্রতীক্ষিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক।
পুতিনের এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন চাপের মুখে রয়েছে রাশিয়া এবং ভারতের আন্তর্জাতিক সম্পর্কও বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।
শীর্ষ বৈঠকের আগে শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর তিনি নয়াদিল্লির ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজে যোগ দেবেন এবং সেখানেই অবস্থান করবেন।
২০২১ সালের পর এই প্রথম পুতিন ভারতে সফরে এলেন। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে মস্কো সফর করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতেই পুতিন দিল্লি সফরে এসেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন চাপ, পাকিস্তানের সঙ্গে স্বল্পমেয়াদি যুদ্ধ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি এবং রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নানা নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ভারতের জন্যও বছরটি কঠিন যাচ্ছে।
এনডিটিভি এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, শুক্রবার সকালে পুতিন মহাত্মা গান্ধীর সমাধি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাবেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে নয়াদিল্লিতে রাশিয়ার গণমাধ্যম ‘আরটি ইন্ডিয়া’র উদ্বোধন এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণ। জানা গেছে, শুক্রবার প্রায় রাত ৯টার দিকে পুতিনের ভারত ত্যাগ করার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই পুতিনের প্রথম ভারত সফর। এই সফরে স্বাস্থ্য, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশই বিকল্প পেমেন্ট সিস্টেম তৈরি এবং বাণিজ্য বাড়ানোর উপায় খুঁজছে। ক্ষুদ্র মডুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টরও সম্ভাব্য আলোচনার ক্ষেত্র। পুতিনের এই সফর দুই দেশের সম্পর্ককে আবারও নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া সামলেই ভারতকে এই সম্পর্ককে এগিয়ে নিতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন