সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গাজা টানেলে ইসরায়েলের হামলায় নিহত ৪০ হামাস সদস্য

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ১০:৫৭ পিএম

গাজা টানেলে ইসরায়েলের হামলায় নিহত ৪০ হামাস সদস্য

দক্ষিণ গাজার রাফা শহরের নিচে অবস্থিত সুড়ঙ্গে লুকিয়ে থাকা প্রায় ৪০ জন হামাস সদস্যকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী স্থানীয় গণমাধ্যমকে এই দাবি করেছে। সৌদি-আরব ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এই দাবি গাজা উপত্যকায় চলমান আন্তর্জাতিক সংঘাতের তীব্রতাকেই আরও বাড়িয়ে তুলল।ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে প্রায় ২০০ জন হামাস সদস্য এই সুড়ঙ্গগুলোতে আটকা পড়ে ছিল।

এই আটকা পড়া সদস্যদের মধ্যে কিছু জন পরবর্তীতে বেরিয়ে এসে লড়াইয়ে নিহত হয়েছে অথবা আত্মসমর্পণ করেছে। যদিও হামাস আনুষ্ঠানিকভাবে আটকা থাকা বা নিহতের সংখ্যা এখনও নিশ্চিত করেনি।

জানা গেছে, মধ্যস্থতাকারীরা চেষ্টা করছিলেন যে হামাস সদস্যরা অস্ত্র সমর্পণ করলে তাদের গাজার অন্য এলাকায় যাতায়াতের সুযোগ দেওয়া হবে, তবে সেই আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।ইসরায়েলের সেনাবাহিনী বলছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় কমান্ডার এবং নির্বাসিত নেতা গাজী হামাদের ছেলে রয়েছে। হামাসের কিছু সূত্র কমান্ডার মোহাম্মদ আল-বাওয়াবের মৃত্যুর কথা স্বীকার করেছে।

অন্যদিকে গাজায় হামাসের মুখপাত্র ইসরায়েলের এমন দাবি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে এই সুড়ঙ্গগুলো হামাসের জন্য সামরিক কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই সুড়ঙ্গগুলোতে ৪০ জন হামাস সদস্য নিহত হওয়ার ইসরায়েলি দাবি যদি সত্যি হয়, তবে এটি এই গোষ্ঠীর জন্য একটি বড় আঘাত।