শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:১৩ পিএম

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের কয়েক শ কর্মী হাইকমিশন অভিমুখে মিছিল নিয়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবক নিহত হওয়ার ঘটনা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।

বিক্ষোভকারীরা হাইকমিশনের সীমানা প্রাচীরের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে মিশনের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।এই ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই ঘটনাকে ‘গুরুতর নিরাপত্তা ঘাটতি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, নয়াদিল্লির মতো একটি অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত কূটনৈতিক এলাকায় কীভাবে অনুমতি ছাড়া উগ্র সংগঠনের সদস্যরা প্রবেশ করতে পারল।

তিনি আরও বলেন, কূটনৈতিক মিশনের সুরক্ষা নিশ্চিত করা আয়োজক দেশের আন্তর্জাতিক দায়িত্ব।উল্লেখ্য, এর আগে গত ২০ ডিসেম্বর রাতেও হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছিল। তবে সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে সামান্য এবং ‘ঝুঁকিমুক্ত’ বলে দাবি করেছিল। কিন্তু আজকের এই ব্যারিকেড ভাঙার ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। আজকের এই ঘটনার পর ঢাকার পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।