বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

নিউ জার্সিতে মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৩৭ এএম

নিউ জার্সিতে মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দুটি হেলিকপ্টারের মধ্যে মাঝ আকাশে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটের দিকে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের ওপর এই দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, ‘এন্সট্রম এফ-২৮এ’ এবং ‘এন্সট্রম ২৮০সি’ মডেলের দুটি হেলিকপ্টারের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রতিটি হেলিকপ্টারে কেবল একজন করে পাইলট ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরপরই হেলিকপ্টার দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত ঘুরতে ঘুরতে মাটির দিকে আছড়ে পড়ে। একটি হেলিকপ্টারে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস দ্রুত তা নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনাস্থলের পাশের একটি ক্যাফের মালিক সাল সিলিপিনো জানান, নিহত ও আহত দুই পাইলটই তাঁর ক্যাফের নিয়মিত ক্রেতা ছিলেন এবং প্রায়ই একসঙ্গে নাশতা করতেন। তিনি বলেন, “দুর্ঘটনার আগে আমি তাদের উড্ডয়ন করতে দেখেছিলাম। কিন্তু মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল, আমি এখনো কাঁপছি।”আরেক প্রত্যক্ষদর্শী ড্যান ডেমশেক জানান, জিম থেকে বের হওয়ার সময় তিনি বিকট শব্দ শুনতে পান। তিনি দেখেন, প্রথম হেলিকপ্টারটি উল্টে গিয়ে দ্রুত নিচে পড়ছে এবং কিছুক্ষণ পর দ্বিতীয়টিও একইভাবে বিধ্বস্ত হয়।

হামোন্টন পুলিশ প্রধান কেভিন ফ্রিল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদার জানিয়েছে, দুর্ঘটনার সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বাতাস ছিল হালকা এবং দৃশ্যমানতা ভালো ছিল। অর্থাৎ প্রতিকূল আবহাওয়ার কোনো লক্ষণ ছিল না।

হামোন্টন শহরটি নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে অবস্থিত, যা মূলত কৃষিভিত্তিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই আকস্মিক দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।