জানুয়ারি ৩, ২০২৬, ১০:৫২ পিএম
ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর সরাসরি সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন।
শনিবার (৩ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওয়াশিংটনের এই পদক্ষেপের কঠোর নিন্দা জ্ঞাপন করেছে।
বেইজিং এই ঘটনাকে একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রকাশ্য শক্তি প্রয়োগ’ এবং আন্তর্জাতিক আইনের নজিরবিহীন লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। খবর সিএনএনের।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতিতে চীন গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই ধরনের আধিপত্যবাদী কর্মকাণ্ড কেবল ভেনেজুয়েলার সার্বভৌমত্বকেই ক্ষুণ্ণ করেনি, বরং এটি পুরো লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ঠেলে দিয়েছে। বেইজিং স্পষ্ট করে জানিয়েছে যে, তারা এই অনৈতিক সামরিক অভিযানের দৃঢ় বিরোধিতা করছে।
বিশ্লেষকরা মনে করছেন, মাদুরো সরকারের প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগী হিসেবে চীনের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীন মনে করে, একতরফা শক্তি প্রয়োগ করে কোনো দেশের নেতৃত্ব পরিবর্তন করা বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি ভয়াবহ নজির। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করতে হবে। এই ঘটনার ফলে চীন ও রাশিয়ার মতো বিশ্বশক্তিগুলোর সাথে আমেরিকার কূটনৈতিক সংঘাত আরও প্রকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন ডেল্টা ফোর্সের এক অভিযানে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে ইতিমধ্যে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই ঝটিকা অভিযানের পর কারাকাসজুড়ে বর্তমানে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন