জানুয়ারি ৪, ২০২৬, ১০:১৩ এএম
মার্কিন বিশেষ বাহিনীর হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরো দম্পতির অবিলম্বে মুক্তি দাবি করে ঘোষণা করেছেন যে, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ ও সাংবিধানিক প্রেসিডেন্ট।
শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক জরুরি ভাষণে ডেলসি রদ্রিগেজ জানান, জাতীয় প্রতিরক্ষা পরিষদের (National Defense Council) বৈঠকের পর দেশজুড়ে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে। এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোসহ শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভাইস প্রেসিডেন্ট বলেন, “যুক্তরাষ্ট্রের এই অভিযান ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। আমরা এই বহিরাগত আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত।
ভাষণে তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সমর্থনে একটি ‘বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা’ সংক্রান্ত ডিক্রি কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মাদুরোর আহ্বানে ইতিমধ্যেই তাঁর সমর্থকরা রাস্তায় নেমে এসেছে এবং পুরো দেশজুড়ে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে পূর্ণ যুদ্ধাবস্থায় মোতায়েন করা হয়েছে। ডেলসি রদ্রিগেজ দেশবাসীকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ভেনেজুয়েলা যেকোনো সংলাপের জন্য প্রস্তুত, তবে তা অবশ্যই পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে হতে হবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, কারাকাসে এক সফল সামরিক অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করে মার্কিন হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পর লাতিন আমেরিকাসহ পুরো বিশ্বে এক অস্থির পরিস্থিতি ও কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন