জানুয়ারি ৪, ২০২৬, ১১:২০ এএম
ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর হাতে বন্দি হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁদের নিউইয়র্কের ব্রুকলিন বন্দিশিবিরে পাঠানো হয়েছে।
মাদুরো ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের গুরুতর অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন।
মাদুরোকে বহনকারী বিমানটি প্রথমে নিউইয়র্ক সিটির অদূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে কড়া পাহারায় তাঁদের হেলিকপ্টারে করে ম্যানহাটনের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি নথি সম্পন্ন করার পর তাঁদের ব্রুকলিনের উচ্চ নিরাপত্তাবেষ্টিত বন্দিশিবিরে স্থানান্তর করা হয়েছে। যদিও মাদুরো তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ আগে থেকেই অস্বীকার করে আসছেন।এদিকে, একটি সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে সামরিক অভিযানের মাধ্যমে বন্দি করার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। রাশিয়া ও চীনের সমর্থনে কলম্বিয়া আগামী সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে।
অন্যদিকে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রের শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, মার্কিন এই অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন