জানুয়ারি ৪, ২০২৬, ১২:০৬ পিএম
বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি ‘স্বাভাবিক’ হলে এই অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার (২ জানুয়ারি) চেন্নাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাম্প্রতিক বাংলাদেশ সফর ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
জয়শঙ্কর তাঁর বক্তব্যে কূটনীতিকে অত্যন্ত সহজ ভাষায় ব্যাখ্যা করে বলেন, “কূটনীতি কোনো রকেট সায়েন্স নয়; এটি পরিশীলিত ভাষায় বলা সাধারণ বুদ্ধির (Common Sense) কথা।
দিন শেষে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, তা নির্ভর করে তাদের আচরণের ওপর। আপনার প্রতিবেশী যদি ভালো হয় বা ক্ষতিকর না হয়, তবে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো সদয় হওয়া এবং তাঁকে সাহায্য করা।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাত্র দু’দিন আগেই ঢাকা সফর করেছেন জয়শঙ্কর। সেই সফরের প্রেক্ষাপটে তিনি জানান, ভারত সব সময় সহযোগিতামূলক সম্পর্কে বিশ্বাসী। উদাহরণ হিসেবে তিনি করোনাকালে টিকা কূটনীতি এবং শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে ভারতের বড় সহায়তার কথা তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, ভারত তাদের পাশে দাঁড়ায়।
তবে নিরাপত্তার প্রশ্নে জয়শঙ্কর কড়া বার্তাও দিয়েছেন। তিনি বলেন, “যেসব প্রতিবেশী দেশ ‘সন্ত্রাসবাদ’ চালিয়ে যায়, তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি পরিচালিত হয় জাতীয় স্বার্থের ভিত্তিতে।” ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি সংকটের সময় ভারত যেভাবে প্রতিবেশীদের সহায়তা করেছে, সেটিও তিনি মনে করিয়ে দেন। জয়শঙ্করের এই বক্তব্য মূলত বাংলাদেশের আসন্ন নির্বাচন ও দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থানের একটি স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন