রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভেনেজুয়েলায় বিনা মূল্যে ইন্টারনেট চালু করছেন ইলন মাস্ক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ১২:৩৮ পিএম

ভেনেজুয়েলায় বিনা মূল্যে ইন্টারনেট চালু করছেন ইলন মাস্ক

ভেনেজুয়েলায় সাম্প্রতিক বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটির জনগণের জন্য বড় এক ঘোষণা দিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তাঁর মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক জানিয়েছে।

ভেনেজুয়েলার নাগরিকরা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বিনা মূল্যে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর দেশটিতে ইন্টারনেট সংযোগ ও বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে।

অনেক এলাকায় সরকারি সেন্সরশিপ ও যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। এমন উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলাবাসীর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন মাস্ক।স্টারলিংক তাঁদের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় জানায় ভেনেজুয়েলার জনগণের সমর্থনে স্টারলিংক আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে বিনা মূল্যে ব্রডব্যান্ড পরিষেবা নিশ্চিত করছে।

ইলন মাস্ক নিজেও এই পোস্টটি শেয়ার করে ভেনেজুয়েলাবাসীর প্রতি তাঁর সমর্থনের কথা জানান। এর ফলে দেশটির নাগরিকরা সংকটের এই সময়ে বাইরের বিশ্বের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করতে পারবেন।

বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা যখন চাপের মুখে, তখন স্টারলিংকের এই ‘ডিজিটাল লাইফলাইন’ দেশটির সাধারণ মানুষ ও মুক্তিকামী জনতার জন্য অত্যন্ত সহায়ক হবে। বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও সাধারণ মানুষের মধ্যে স্টারলিংকের এই উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেটের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।