জানুয়ারি ৪, ২০২৬, ০১:১৯ পিএম
নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে অত্যাধুনিক ‘টাইমুর’ (Taimoor) এয়ার-লঞ্চড ক্রুজ মিসাইলের সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে পাকিস্তান। শনিবার (৩ জানুয়ারি) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ অর্জনের কথা নিশ্চিত করেছে।
আইএসপিআর জানিয়েছে, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইলটি ৬০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
এটি স্থল এবং সামুদ্রিক—উভয় ধরনের লক্ষ্যবস্তুর ওপর কার্যকর হামলা চালাতে পারে। মিসাইলটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এটি অত্যন্ত কম উচ্চতায় উড়তে সক্ষম, যা শত্রুপক্ষের শক্তিশালী বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে অনায়াসেই ফাঁকি দিতে পারে।
বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এই সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়ে বলেন, “টাইমুর অস্ত্র ব্যবস্থার এই অর্জন দেশের প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতিফলন। এটি আঞ্চলিক নিরাপত্তা পরিবেশে পাকিস্তানের বিশ্বাসযোগ্য প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অত্যাধুনিক নেভিগেশন ও গাইডেন্স সিস্টেমে সজ্জিত এই মিসাইলটি পাকিস্তান বিমান বাহিনীর অপারেশনাল নমনীয়তা এবং অপারেশনাল প্রস্তুতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। মিসাইলটির সফল পরীক্ষা পাকিস্তান সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পন্ন হয়, যা দেশটির সামগ্রিক প্রতিরক্ষা অবস্থানকে আরও শক্তিশালী করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন