জানুয়ারি ৪, ২০২৬, ০৫:০৮ পিএম
ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি।
সম্প্রতি মহারাষ্ট্রে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই কড়া মন্তব্য করেন।জনসভায় ওয়াইসি বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, মহারাষ্ট্রের সরকার বলছে তারা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে।
যদি তাই হয়, তবে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদিজির এক ‘বোন’ বসে আছেন, তাঁকেও অবিলম্বে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক। তাঁর এই বক্তব্যের সময় উপস্থিত জনতা হর্ষধ্বনি ও স্লোগান দিয়ে সমর্থন জানায়।
ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ওয়াইসি সরাসরি মোদিকে সম্বোধন করে বলেন, মোদিজি, এই জনতার আওয়াজ শুনুন। দিল্লিতে থাকা ওই ব্যক্তিকে বের করে দিন এবং তাঁকে বাংলাদেশে পৌঁছে দিন। এর আগেও একাধিকবার শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কড়া সমালোচনা করেছিলেন এই নেতা। গত বছরের সেপ্টেম্বর মাসেও বিহারের এক সমাবেশে তিনি একই ধরনের বক্তব্য দিয়েছিলেন।
সে সময় বিহারে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ নিয়ে মোদির অভিযোগের জবাবে ওয়াইসি বলেছিলেন, সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। বরং মোদির বাড়িতেই বাংলাদেশ থেকে আসা একজন অতিথি রয়েছেন, যাঁর ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করা উচিত। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিজেপি যখন অনুপ্রবেশকারী ইস্যুকে সামনে আনছে, তখন শেখ হাসিনার অবস্থানকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বিরোধীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন