মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

আটকের আগে ট্রাম্পকে যে ‘চ্যালেঞ্জ’ দিয়েছিলেন মাদুরো

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ১০:৩৭ পিএম

আটকের আগে ট্রাম্পকে যে ‘চ্যালেঞ্জ’ দিয়েছিলেন মাদুরো

“এসো, আমাকে ধরো। আমি তোমার জন্য মিরাফ্লোরেসে অপেক্ষা করব। দেরি কোরো না, কাপুরুষ।”— মাত্র কয়েকমাস আগেই এক জনসভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে দম্ভভরে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

কিন্তু কে জানত, সেই চ্যালেঞ্জ এত দ্রুতই এক নির্মম বাস্তবে রূপ নেবে।শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বিশেষ বাহিনী ‘ডেল্টা ফোর্স’-এর অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়।

আটকের পর হোয়াইট হাউস মাদুরোর সেই পুরোনো ভিডিও সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেছে।

হোয়াইট হাউসের প্রকাশিত ৬১ সেকেন্ডের ওই ভিডিওতে মাদুরোর আগস্ট মাসের সেই হুঙ্কারের ফুটেজ এবং শনিবার রাতের মার্কিন অভিযানের খণ্ডচিত্র পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যায়, একদিকে মাদুরো ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, আর অন্যদিকে মার্কিন সেনারা তাকে আটক করে নিয়ে যাচ্ছে। ভিডিওটিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের একটি বক্তব্যও যুক্ত করা হয়েছে, যেখানে তিনি বলেন,মাদুরোর একটি পর্যায় পর্যন্ত সুযোগ ছিল। কিন্তু তিনি সেই সুযোগ হারিয়েছেন।

মাদুরো বলেছিলেন তিনি মিরাফ্লোরেসে (প্রেসিডেন্ট প্রাসাদ) অপেক্ষা করবেন। মার্কিন বাহিনী তাকে কারাকাসের একটি সুরক্ষিত স্থান থেকেই তুলে নিয়ে যায়। বর্তমানে ৬৩ বছর বয়সী এই নেতা এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এই দম্পতিকে বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মাদুরোর সেই ‘চ্যালেঞ্জ’ এখন তার জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসন এই গ্রেপ্তারকে তাদের বড় সাফল্য হিসেবে প্রচার করছে। সূত্র: এনডিটিভি।