জানুয়ারি ৫, ২০২৬, ১১:২৪ এএম
রাশিয়া থেকে তেল আমদানির ইস্যুতে ভারতকে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রুশ তেল কেনা অব্যাহত রাখে, তবে ভারতীয় পণ্যের ওপর ওয়াশিংটন আরও বাড়তি শুল্ক আরোপ করতে পারে।
তবে হুমকির পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত প্রশংসাও করেছেন তিনি।
রোববার (৪ জানুয়ারি) প্রেসিডেন্ট বিমান এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর নিশ্চিত করেছে।
ট্রাম্প বলেন, রুশ তেল কেনার ক্ষেত্রে ভারত যদি ওয়াশিংটনকে সহযোগিতা না করে, তবে শুল্ক বাড়ানো ছাড়া অন্য কোনো পথ থাকবে না। তবে তিনি দাবি করেন, ভারত ইতোমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা কমিয়েছে। প্রধানমন্ত্রী মোদিকে ‘খুব ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “মোদি জানতেন যে রুশ তেল কেনার বিষয়ে আমি অসন্তুষ্ট। ভারত মূলত আমাকে খুশি রাখার চেষ্টা করছে। তবে আমরা চাইলে খুব দ্রুতই তাদের ওপর শুল্ক বৃদ্ধি করতে পারি।
গত আগস্ট মাসেই রাশিয়া থেকে কম দামে তেল কেনার অভিযোগে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোনে আলোচনা হলেও শুল্ক নিয়ে টানাপোড়েন এখনো কাটেনি। ভারত বরাবরই বলে আসছে, নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রুশ তেলের ওপর নির্ভরশীল।
এই শুল্ক হুমকির এমন এক সময়ে এল যখন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর বিশ্ব রাজনীতিতে আবারও তেল ইস্যু সামনে এসেছে। ওপেকের তথ্যমতে, বিশ্বের প্রায় ১৭ শতাংশ তেলভাণ্ডার ভেনেজুয়েলায় থাকলেও দেশটির উৎপাদন বর্তমানে মাত্র ১০ লাখ ব্যারেলে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে ভারত যদি রাশিয়ার বিকল্প খুঁজতে ব্যর্থ হয়, তবে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন