সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরেই ওমান সফরে লারিজানি

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরেই ওমান সফরে লারিজানি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাসকাটে অনুষ্ঠিত নতুন দফার পারমাণবিক আলোচনার রেশ কাটতে না কাটতেই ওমান সফরে গেলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার সচিব আলী লারিজানি। মঙ্গলবার তিনি মাসকাটে পৌঁছান এবং এই সফরকে কূটনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে ।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি তার এই সফরে ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদির সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তেহরান থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে মূলত সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির ওপর জোর দেওয়া হবে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ওমানের মধ্যস্থতাকারীর ভূমিকা সব সময়ই প্রশংসিত। লারিজানির এই সফরে ইরান ও ওমানের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়টিও আলোচনার টেবিলে বিশেষ গুরুত্ব পাবে। 

উল্লেখ্য যে গত শুক্রবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্র আবারও আলোচনায় বসেছিল যা আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘোরানো ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। গত বছরের জুনে সংঘটিত ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধের পর এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সংলাপ। ওমান দীর্ঘ দিন ধরেই পশ্চিমা বিশ্ব ও ইরানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে এবং লারিজানির এই সফর সেই সম্পর্কের ধারাবাহিকতা বলেই মনে করছেন বিশ্লেষকরা।