ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:৪৪ এএম
ভারতের দিল্লিতে সরকারি অর্থায়নে আয়োজিত একটি অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়কে দেশ থেকে বিতাড়ন এবং জোরপূর্বক ধর্মান্তরিত করার ডাক দিয়েছে একটি হিন্দু কট্টরপন্থি সংগঠন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে আসার পর দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেস এই ঘটনার জন্য সরাসরি কেন্দ্রীয় সরকার এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়ী করেছে।
প্রতিবেদন অনুযায়ী গত বছরের ডিসেম্বরের তেরো ও চৌদ্দ তারিখ নয়াদিল্লির ভারত মণ্ডপমে সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব নামের একটি অনুষ্ঠানের আয়োজন করে সনাতন সংস্থা নামের একটি বিতর্কিত সংগঠন।
এই আয়োজনের জন্য ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তেষট্টি লাখ রুপি তহবিল বরাদ্দ দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত বন্দে মাতরম গানের দেড়শ বছর পূর্তি উদযাপনের জন্যই এই অর্থ বরাদ্দ করা হয়েছিল।
তবে কংগ্রেসের অভিযোগ সরকারি অর্থে সেখানে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দেওয়া হয়েছে।কংগ্রেসের মুখপাত্র রাগিণী নায়ক অভিযোগ করেছেন জনগণের করের টাকায় এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে প্রকাশ্যে মুসলিম সংখ্যালঘুদের নির্মূল করার ডাক দেওয়া হয়েছে। বিরোধী দলগুলো আরও জানিয়েছে আয়োজক সনাতন সংস্থা একটি চরমপন্থি সংগঠন যাদের সদস্যদের বিরুদ্ধে অতীতে বোমা হামলা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ রয়েছে।
সাংবাদিক গৌরী লঙ্কেশ এবং পণ্ডিত এম এম কালবুর্গি থেকে শুরু করে নরেন্দ্র দাভোলকর ও গোবিন্দ পানসারের মতো বিশিষ্ট ব্যক্তিদের হত্যাকাণ্ডের সঙ্গেও এই সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। কর্ণাটক সরকার বর্তমানে এসব বিষয়ের তদন্ত করছে। সরকারি পৃষ্ঠপোষকতায় এমন বিতর্কিত সংগঠনের ঘৃণামূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারতজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন সরকার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন