সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

১০ দিনের মথ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:২৮ পিএম

১০ দিনের মথ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের

ট্রাম্পের হুঁশিয়ারি ও ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানকে ভয়াবহ সামরিক হামলার মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি তেহরানকে এই চরমপত্র দেন। ট্রাম্পের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তেহরানের হাতে মাত্র ১০ থেকে ১৫ দিন সময় রয়েছে। 

এর মধ্যে কার্যকর কোনো সমাধান না এলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপের পথে হাঁটবে।অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, গত বছরের জুনে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানই মূলত গাজায় যুদ্ধবিরতির পথ তৈরি করেছিল। 

তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানা জরুরি ছিল। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আরও এক ধাপ সামনে এগোতে পারে। 

তবে আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছানোর পথও খোলা রয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে তিনি জানান।মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পর পাল্টা কঠোর অবস্থান নিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, ইরান কোনো যুদ্ধ চায় না, তবে তাদের ওপর কোনো ধরনের আক্রমণ চালানো হলে এর চড়া মূল্য দিতে হবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও অবকাঠামোকে। যেকোনো হামলার জন্য ওয়াশিংটনকেই সম্পূর্ণ দায় নিতে হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানকে পরমাণু চুক্তিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে সীমিত পরিসরে হামলার পরিকল্পনা করছে। এই পর্যায়ে দেশটির সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। তবে এই পদক্ষেপেও যদি ইরান শর্ত অনুযায়ী চুক্তিতে রাজি না হয়, তবে পূর্ণমাত্রার হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন ঘটানোর লক্ষ্য স্থির করেছে ট্রাম্প প্রশাসন।