ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:২২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে ব্যাপক হারে শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার ছয়-তিন ভোটে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত জানায়, প্রেসিডেন্ট এই ক্ষেত্রে তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইনটি প্রেসিডেন্টকে ঢালাওভাবে শুল্ক আরোপের কোনো স্বতন্ত্র ক্ষমতা প্রদান করে না।
সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়, মার্কিন কংগ্রেস যদি এই আইনের মাধ্যমে প্রেসিডেন্টকে শুল্ক আরোপের মতো কোনো অসাধারণ ক্ষমতা দিতে চাইত, তবে তা অবশ্যই আইনের ধারায় স্পষ্টভাবে উল্লেখ থাকত।
যেমনটি বাণিজ্য সংক্রান্ত অন্যান্য শুল্ক আইনের ক্ষেত্রে করা হয়ে থাকে। গত বছর পুনরায় ক্ষমতায় আসার পর ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা প্রয়োগ করে প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করেছিলেন। এর মধ্যে মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যও অন্তর্ভুক্ত ছিল। প্রশাসনের পক্ষ থেকে সে সময় দাবি করা হয়েছিল যে, অবৈধ মাদক প্রবাহ ও অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্যে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে সুপ্রিম কোর্টের এই রায়ের আওতায় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট কিছু খাতে আগে থেকে আরোপিত শুল্ক পড়ছে না। ওই খাতগুলোতে বর্তমানে আলাদা তদন্ত চলমান রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের নিম্ন আদালতগুলোও ট্রাম্পের এই পদক্ষেপকে অবৈধ হিসেবে রায় দিয়েছিল।
গত মে মাসে একটি ফেডারেল বাণিজ্য আদালত ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকর করার ওপর স্থগিতাদেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে নিম্ন আদালতের সেই সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল থাকল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই রায় ট্রাম্পের বর্তমান বাণিজ্য কৌশলের ওপর একটি বড় ধরনের আঘাত। কারণ শুল্ক ছিল তার ঘোষিত অর্থনৈতিক ও কূটনৈতিক নীতির অন্যতম প্রধান হাতিয়ার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন