ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:২৪ পিএম
দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত অনলাইন স্ক্যাম সেন্টার বা ইন্টারনেট প্রতারণা চক্র দমনে সংশ্লিষ্ট দেশগুলোকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, এসব কেন্দ্রে হাজার হাজার মানুষকে পাচার করে জোরপূর্বক শ্রমে বাধ্য করা হচ্ছে এবং তাদের ওপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বা ওএইচসিএইচআর এই ভয়ংকর চিত্র তুলে ধরেছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব প্রতারণা কেন্দ্রে আটকে রাখা ব্যক্তিদের ওপর শারীরিক নির্যাতন, যৌন নিপীড়ন ও জোরপূর্বক গর্ভপাতের মতো ভয়ংকর ঘটনা ঘটছে।
এমনকি অনেককে অনাহার এবং নির্জন কারাবাসের মতো মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এই পরিস্থিতিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন।
তিনি আন্তর্জাতিক সিন্ডিকেট ও এর সঙ্গে জড়িত দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারগুলোর প্রতি জোরালো দাবি জানান।এর আগে গত বছরের এক সতর্কবার্তায় জাতিসংঘ জানিয়েছিল, এসব প্রতারণা কেন্দ্র থেকে প্রতি বছর শত শত কোটি ডলারের অনলাইন জালিয়াতি পরিচালিত হয়।
এটি কেবল মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটির মতে, বর্তমান বিশ্বে মানবপাচার, জোরপূর্বক শ্রম এবং সাইবার প্রতারণা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে। তাই আন্তর্জাতিক সমন্বয় ছাড়া এই শক্তিশালী অপরাধ চক্র দমন করা সম্ভব নয় বলে প্রতিবেদনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন