মার্চ ৬, ২০২৬, ১০:০৭ এএম
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে একযোগে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো এই হামলার পর পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। কুয়েত সিটির আকাশে মুহুর্মুহু বিমান হামলার সাইরেন বাজার পাশাপাশি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্মীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিশ্চিত করেছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ধেয়ে আসা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। গত কয়েক দিনের মধ্যে এটি দেশটিতে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা। অন্যদিকে বাহরাইনের রাজধানীতে দুটি হোটেল এবং একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হলেও এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
কুয়েত সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের একটি বিমানঘাঁটির কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের নিজস্ব বিমান প্রতিরক্ষাব্যবস্থা আকাশেই ১৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় আছড়ে পড়েছে।
এদিকে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো ওই অঞ্চলে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলার দাবি জানিয়েছে। ইরানের এই নজিরবিহীন পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করছে।
সূত্র: আল জাজিরা


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন