বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শীর্ষ শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রল রফতানি বন্ধের নির্দেশ চীনের

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ১১:৪৪ এএম

শীর্ষ শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রল রফতানি বন্ধের নির্দেশ চীনের

চীনা তেল শোধনাগার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে চীন। বেইজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) দেশের শীর্ষস্থানীয় তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রল রফতানি সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয় যে বেইজিংয়ের নীতিনির্ধারকরা শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করে এই নির্দেশনা জারি করেছেন।

নতুন নির্দেশনায় শোধনাগারগুলোকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যেন তারা বর্তমানে নতুন কোনো রফতানি চুক্তি না করে। এমনকি ইতিমধ্যে যেসব রফতানি চুক্তি চূড়ান্ত হয়েছে বা চালানের কাজ চলছে সেগুলোও বাতিলের বিষয়ে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। 

মূলত মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় চীন আগাম সতর্কতা হিসেবে এই কঠোর অবস্থানে গিয়েছে। চীন বিশ্বের অন্যতম শীর্ষ তেলের নিট আমদানিকারক দেশ হওয়ার কারণে নিজেদের মজুত অটুট রাখাকেই এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বেইজিং।চীনের এই উদ্বেগের মূলে রয়েছে জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালি। বাণিজ্যের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের দেওয়া তথ্যমতে গত বছর সমুদ্রপথে চীনের সরাসরি অপরিশোধিত তেল আমদানির ৫৭ শতাংশই এসেছে মধ্যপ্রাচ্য থেকে। 

ফলে ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করলে চীনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং অভ্যন্তরীণ বাজারে তেলের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতেই ডিজেল ও পেট্রলের মতো পরিশোধিত জ্বালানি পণ্য দেশের বাইরে পাঠানো বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনের এই সিদ্ধান্তের ফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।