মার্চ ১১, ২০২৬, ০৭:০৪ পিএম
থাইল্যান্ডের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে। জাহাজটি ভারতের গুজরাট অভিমুখে যাত্রা করছিল। বুধবার ওমানের উত্তর উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
আক্রান্ত জাহাজটির নাম ময়ূরী নারি। এটি থাইল্যান্ডের প্রেশাস শিপিং এর মালিকানাধীন। রয়্যাল থাই নেভি এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই ওমানি নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
জাহাজে থাকা মোট ২৩ জন নাবিকের মধ্যে ২০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে এখন পর্যন্ত ৩ জন নাবিক জাহাজের ভেতরেই অবস্থান করছেন। তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
হামলার পর জাহাজে আগুন ধরে গেলেও পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে। ঠিক কী ধরনের অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি কোনো কর্তৃপক্ষ। সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই অঞ্চলটিতে তেহরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোনো দেশ বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
রয়্যাল থাই নেভি জানিয়েছে, হামলার সঠিক কারণ ও পরিস্থিতি জানতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে এমন হামলা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন