বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ইরাকের মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ১০:৪০ এএম

ইরাকের মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

মার্কিন দূতাবাসে হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই দূতাবাস প্রাঙ্গণ থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবির একজন সংবাদকর্মী ঘটনাস্থল থেকে দূতাবাস ভবনের ভেতরে ধোঁয়া উড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে এই হামলাটি ঠিক কী ধরনের অস্ত্র দিয়ে চালানো হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরপরই সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসেও অনুরূপ হামলার ঘটনা ঘটেছিল।

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব এখন প্রতিবেশী ইরাকেও প্রবলভাবে অনুভূত হচ্ছে। বিশেষ করে ইরাকে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতভাবে মার্কিন ও পশ্চিমা সামরিক ও কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। 

এর ফলে যুদ্ধ পরিস্থিতি ধীরে ধীরে ইরাক পর্যন্ত বিস্তৃত হচ্ছে। সম্প্রতি ইরাকে অবস্থানরত ফরাসি সেনাদের লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে যেখানে অন্তত একজন সেনা নিহত এবং পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ধারাবাহিক হামলার ফলে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে এবং মার্কিন কূটনৈতিক মিশনগুলো চরম ঝুঁকির মুখে রয়েছে।এদিকে ইরাকের আকাশে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয়জন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। 

যদিও মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে বিমানটি কোনো প্রকার বহিঃশত্রুর আক্রমণ ছাড়াই কারিগরি কারণে বিধ্বস্ত হয়েছে কিন্তু ইরাকের ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো এই ঘটনার পেছনে তাদের হামলার দাবি করেছে। এই সংঘাতের রেশ ধরে শুক্রবার দিবাগত রাতে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে দ্বীপটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত না করে তবে পরবর্তী ধাপে দ্বীপটির জ্বালানি স্থাপনাগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।