রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ১২:১৮ পিএম

যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা

চীনের কড়া হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত যখন ভয়াবহ আকার ধারণ করেছে ঠিক তখনই তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন যে ওয়াশিংটনের উচিত কঠোরভাবে এক চীন নীতি এবং চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ঘোষণাপত্র মেনে চলা। 

একই সঙ্গে তাইওয়ানের কাছে সব ধরনের সামরিক অস্ত্র বিক্রি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে বেইজিং। চীনা মুখপাত্র ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন যে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন এবং তাইওয়ান প্রণালিতে শান্তি বজায় রাখতে হলে যুক্তরাষ্ট্রকে বাস্তব পদক্ষেপ নিতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে যে তাদের কৌশলগত রিজার্ভ থেকে ছাড় করা তেলের প্রথম অংশ চলতি সপ্তাহের শেষ নাগাদ বাজারে পৌঁছাবে। 

ওয়াশিংটন চলতি সপ্তাহের শুরুতে মোট ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার যে ঘোষণা দিয়েছিল তার মধ্য থেকে ৮৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বিনিময়ের জন্য ইতিমধ্যে অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই তেল সরবরাহের ফলে সে দেশের করদাতাদের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না।যুক্তরাষ্ট্রের এই বিশেষ পদক্ষেপটি আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ-এর ৩২টি সদস্য দেশের সম্মিলিত প্রচেষ্টার একটি অংশ। 

জাপান, জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো দেশগুলোও তাদের জরুরি মজুত থেকে মোট ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে যা সংস্থাটির ইতিহাসে বৃহত্তম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য যে ২০২২ সালে বাইডেন প্রশাসন রিজার্ভ ব্যবহার করায় ট্রাম্প তীব্র সমালোচনা করলেও বর্তমানে তিনি এই উদ্যোগের প্রশংসা করেছেন। ট্রাম্প জানিয়েছেন যে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম কমিয়ে আনতে এবং চলমান হুমকি মোকাবিলা করতে এই মজুত ব্যবহার করা জরুরি হয়ে পড়েছে। তিনি স্পষ্ট করেছেন যে এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না।