রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৭:২৪ পিএম

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

ট্রাম্পের বড় ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য হামলার পরিকল্পনা আপাতত পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন। গত দুই দিনে তেহরানের সঙ্গে হওয়া আলোচনায় ইতিবাচক অগ্রগতির প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। রয়টার্স ও এপির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই পরিবর্তনের কথা সামনে আনেন। 

এর আগে তিনি ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন এবং তা না হলে দেশটির বিদ্যুৎ খাতে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি অবস্থানে সাময়িক পরিবর্তনের ইঙ্গিত দিলেন।

ট্রাম্প তার বার্তায় দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে বিদ্যমান দীর্ঘদিনের শত্রুতা নিরসনের বিষয়েও উল্লেখযোগ্য কথাবার্তা এগিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই কারণেই তিনি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন যেন আগামী পাঁচ দিন ইরানের কোনো জ্বালানি স্থাপনায় হামলা চালানো না হয়। 

তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে চলমান যোগাযোগের চূড়ান্ত ফলাফলের ওপর। ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্বজুড়ে সামরিক উত্তেজনার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে এবং কূটনৈতিক সমাধানের নতুন পথ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।অন্যদিকে ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো সরাসরি আলোচনার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেনি। 

বরং তেহরান বারবার বলে আসছে যে তারা ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয়। এপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে আলোচনার বিষয়ে ট্রাম্পের দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে ইরান সতর্ক করেছিল যে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে তারা ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে। ট্রাম্পের এই স্থগিতাদেশের খবরের পর আন্তর্জাতিক শেয়ারবাজার ইতিবাচকভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং তেলের দামও উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে।