বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালিতে ইরানের কাছে নিরাপত্তা চাইল দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৯:২৮ পিএম

হরমুজ প্রণালিতে ইরানের কাছে নিরাপত্তা চাইল দক্ষিণ কোরিয়া

নিরাপত্তা চাইল দক্ষিণ কোরিয়া

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবার সরাসরি ইরানের কাছে আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন সরাসরি ইরানের কাছে এই অনুরোধ জানিয়েছেন। 

সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং নিজ দেশের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে সিউল এই কূটনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ চেয়েও আশানুরূপ সাড়া পাননি। যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্র এককভাবে নিরাপত্তার আশ্বাস দিয়েছিল, তবে তা জ্বালানিবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে খুব একটা আস্থা ফেরাতে পারেনি। 

দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা ও নৌপথে চলাচলে বিঘ্ন ঘটার কারণে এশীয় শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ‘ওন’-এর মান গত ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা সিউলের নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির ওপর নির্ভর না করে সরাসরি ইরানের দ্বারস্থ হওয়া দক্ষিণ কোরিয়ার জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। কারণ বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয় এবং এর নিয়ন্ত্রণ অনেকাংশেই ইরানের হাতে। 

ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে তাদের ওপর কোনো হামলা হলে তারা এই প্রণালিতে নৌ-মাইন স্থাপন করবে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে নিজেদের জ্বালানি নিরাপত্তা ও ভঙ্গুর অর্থনীতিকে রক্ষা করতে দক্ষিণ কোরিয়া সরাসরি তেহরানের সাথে আলোচনার পথ বেছে নিয়েছে। এখন দেখার বিষয়, দক্ষিণ কোরিয়ার এই আরজিতে ইরান কতটা ইতিবাচক সাড়া দেয়।