এপ্রিল ২৭, ২০২৬, ১১:৫৭ পিএম
হরমুজ প্রণালিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে নতুন আইন করার উদ্যোগ নিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ইরানের পার্লামেন্টের (মজলিস) জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানান, তারা একটি নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন যেখানে হরমুজ প্রণালির পুরো দায়িত্ব সেনাবাহিনীর হাতে থাকবে।
তিনি উল্লেখ করেন, ইরানের সেনাবাহিনী আগে থেকেই এই প্রণালির নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন আইনের মাধ্যমে যেসব জাহাজকে ইরান ‘শত্রু’ মনে করবে, সেগুলোর চলাচল বন্ধ করার আইনি ক্ষমতা পাবে সেনাবাহিনী।ইব্রাহিম আজিজি আরও জানান, হরমুজ প্রণালি থেকে যে আয় হবে, তা ইরানের নিজস্ব মুদ্রায় (রিয়াল) নেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে আরও আলোচনার জন্য অনুরোধ করেছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।
আব্বাস আরাগচি বলেন, ইরান বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তার মতে, ওয়াশিংটন তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলেই পুনরায় আলোচনার অনুরোধ জানিয়েছে। ইরান এই আলোচনার প্রস্তাব নিয়ে বর্তমানে চিন্তাভাবনা করছে বলেও তিনি জানান।
ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও উল্লেখ করেন, চলমান সংকটগুলো বুঝিয়ে দিয়েছে যে ইরানের পাশে রাশিয়ার মতো শক্তিশালী বন্ধু ও মিত্র রয়েছে। এ সময় তিনি সমর্থনের জন্য ক্রেমলিনকে ধন্যবাদ জানান। তবে ইরানের এই দাবি নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন