সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানের নতুন প্রস্তাবে খুশি হননি ট্রাম্প, কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৪৭ এএম

ইরানের নতুন প্রস্তাবে খুশি হননি ট্রাম্প, কারণ কী?

ইরানের প্রস্তাবে ট্রাম্পের আপত্তি

যুদ্ধ বন্ধ এবং পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরান যে নতুন প্রস্তাব দিয়েছে, তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি হতে পারেননি। তেহরানের এই নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এই প্রস্তাবটি পছন্দ করেননি। তার মতে, ইরানের দেওয়া তিন স্তরের প্রস্তাবে দেশটির বিতর্কিত পরমাণু কর্মসূচিকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়নি। তবে এই প্রস্তাব নিয়ে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।

গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হওয়ার পর উত্তেজনা নিরসনে সম্প্রতি তিন পর্যায়ের একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমেই এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়।

ইরানের দেওয়া নতুন প্রস্তাবের প্রথম পর্যায়ে শর্ত দেওয়া হয়েছে যে, যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি ইরান এবং লেবাননে আর কোনো আগ্রাসী হামলা হবে না—এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে, প্রথম স্তরের দাবি মেনে নেওয়া হলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির প্রশাসনিক কাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। সবশেষে তৃতীয় পর্যায়ে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ একমত হলে তবেই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষে গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা চলেছিল। কিন্তু কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে প্রতিনিধিরা ফিরে যান।

প্রথম দফার সংলাপ ব্যর্থ হওয়ার পর পাকিস্তানসহ বেশ কিছু দেশ উভয় পক্ষকে দ্বিতীয় দফায় আলোচনায় বসার আহ্বান জানায়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যদি পুনরায় সংলাপে বসতে চায়, তবে এই নতুন প্রস্তাবের ভিত্তিতেই তা হতে পারে।