মে ২, ২০২৬, ১০:৫২ পিএম
ইরানের তেল ক্রয়ের অভিযোগে চীনের পাঁচটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন এই নিষেধাজ্ঞা কার্যকর রোধে একটি পাল্টা নিষেধাজ্ঞামূলক নির্দেশনা জারি করেছে।এর আগে মার্কিন প্রশাসন ইরানের তেল বাণিজ্যে সম্পৃক্ত থাকার অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘অতিরিক্ত বিচারিক ক্ষমতার অপব্যবহার’ হিসেবে আখ্যা দিয়েছে চীন। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবেলায় তাঁরা প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংশিং কেমিক্যাল। এই প্রতিষ্ঠানগুলো ইরানের জ্বালানি খাতের সাথে আর্থিক লেনদেনে জড়িত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
তবে চীনের জারি করা নতুন এই নির্দেশনা কীভাবে এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। চীনা কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় স্বার্থ ও নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে বেইজিং যেকোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার এই পাল্টাপাল্টি পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কে নতুন করে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বড় দুই পরাশক্তির এই অবস্থান আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দামের ক্ষেত্রে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন