সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিজেপি কার্যালয়ে যাবেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ০২:১৬ পিএম

বিজেপি কার্যালয়ে যাবেন নরেন্দ্র মোদি

বিজেপি কার্যালয়ে যাবেন মোদি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিজেপি বড় ব্যবধানে এগিয়ে থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার সন্ধ্যায় দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকায় বিজেপি শিবিরের মধ্যে ইতিমধ্যে জয়ের আমেজ ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় দিল্লির বিজেপি সদর দপ্তরে এক বিশাল জমায়েত হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হয়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন।

বিজেপি দলীয় সূত্রগুলো জানিয়েছে, দলের কেন্দ্রীয় কমিটির প্রায় সব শীর্ষ নেতাই রোববারের মধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন। গণনার ট্রেন্ড অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের আশা দেখছে বিজেপি। এই সাফল্যের উদযাপন উপলক্ষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বড় ধরনের রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকেই বিজয় উৎসবের তোড়জোড় শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই কার্যালয়ে জিলিপি ও লাড্ডু তৈরির ধুম পড়ে যায়। বিজেপি কর্মীরা সেখানে পুরী ও বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে উৎসব পালন করছেন। দলীয় কর্মীদের জন্য সারা দিনই সেখানে মিষ্টিমুখের ব্যবস্থা রাখা হয়েছে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, বিজেপি ম্যাজিক ফিগার অতিক্রম করে শক্তিশালী অবস্থানে রয়েছে। এর ফলে দিল্লির রাজনৈতিক মহলে পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গ নিয়ে নতুন কোনো পরিকল্পনা বা বার্তা দেন কি না, এখন সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।