মে ৭, ২০২৬, ০৯:১১ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তিনি এই আদেশ দেন।
পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হওয়ার কথা থাকলেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইস্তফা দিতে রাজি হননি। এর ফলে ৮ মে মধ্যরাত থেকে নতুন সরকারের শপথ গ্রহণ পর্যন্ত রাজ্যে প্রশাসনিক শূন্যতা ও অভূতপূর্ব সাংবিধানিক পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দেয়।
এই পরিস্থিতি মোকাবিলা ও ১৮তম বিধানসভা গঠনের পথ মসৃণ করতে রাজ্যপাল আরএন রবি মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন।
রাজ্য সরকারের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এক বিবৃতিতে এই পদক্ষেপের কথা নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর দফার (খ) উপ-দফা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এই নির্দেশ দিয়েছেন। এর ফলে পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত আগামী দুই দিন রাজ্যের প্রশাসনিক দায়িত্বভার সরাসরি রাজ্যপালের হাতে থাকবে।
সংবিধানের ১৭২ ধারা অনুযায়ী, রাজ্য বিধানসভার মেয়াদ প্রথম অধিবেশনের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকে এবং মেয়াদ শেষে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়। তবে বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করার সিদ্ধান্তের কারণে রাজ্যপালকে পৃথক এই আদেশ জারি করতে হয়েছে।
এদিকে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আগামী ৯ মে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। মমতা ব্যানার্জির এই অব্যাহতি এবং মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্তের ফলে দীর্ঘ কয়েক বছরের তৃণমূল শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটল। বর্তমানে রাজভবন থেকে ১৮তম বিধানসভা গঠনের পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াগুলো তদারকি করা হচ্ছে। শুক্রবার ও শনিবার রাজ্যপাল আরএন রবিই প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন