রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রমোদতরীতে হান্টাভাইরাস সংক্রমণ: জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

মে ৭, ২০২৬, ১০:৩৬ পিএম

প্রমোদতরীতে হান্টাভাইরাস সংক্রমণ: জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আটলান্টিক মহাসাগরের কেপ ভার্দের উপকূলের কাছে আটকে থাকা একটি প্রমোদতরীতে হান্টাভাইরাস সংক্রমণের ঘটনায় নতুন তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নেদারল্যান্ডসের মালিকানাধীন ‍‍`এমভি হন্ডিয়াস‍‍` নামের ওই জাহাজটিতে সংক্রমণের ঘটনা সামনে আসার পর পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে সংস্থাটি। তবে এ নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, জাহাজে থাকা হান্টাভাইরাসে আক্রান্ত এক দম্পতি সম্প্রতি এমন কিছু এলাকায় ভ্রমণ করেছিলেন, যেখানে ভাইরাসটি বহনকারী বিশেষ প্রজাতির ইঁদুরের উপস্থিতি ছিল। 

জানা গেছে, ওই দম্পতি আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়েতে একটি পাখি পর্যবেক্ষণ সফরে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই সফরের সময়ই তারা ভাইরাসের সংস্পর্শে আসেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস জানান, কীভাবে এই প্রাদুর্ভাব ছড়িয়েছে তা এখনো তদন্তাধীন রয়েছে। আক্রান্তদের যাতায়াত ও সংস্পর্শের তথ্য সংগ্রহে সংস্থাটি বর্তমানে আর্জেন্টিনার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। টেড্রোস আরও জানান, জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং জাহাজটি পুনরায় চলাচল শুরু করায় যাত্রীদের মনোবল ফিরে এসেছে।

সংস্থাটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ জানিয়েছেন, জাহাজের সব যাত্রীকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যারা আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের সরাসরি সংস্পর্শে আসছেন, তাদের জন্য বাড়তি সুরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

মারিয়া ভ্যন ক্যারকোহভ স্পষ্ট করে জানান, হান্টাভাইরাসের সংক্রমণ পদ্ধতি কোভিড বা ইনফ্লুয়েঞ্জার মতো নয়। এটি সাধারণত খুব কাছাকাছি সংস্পর্শ ছাড়া সহজে ছড়ায় না। তিনি বলেন, এটি নতুন কোনো কোভিড মহামারির শুরু নয়। এটি একটি সীমিত প্রাদুর্ভাব, যা বর্তমানে একটি নির্দিষ্ট জাহাজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।