মে ১১, ২০২৬, ০২:১৫ পিএম
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ‘ফার্স্ট পারসন ভিউ’ (এফপিভি) ড্রোন মোকাবিলায় ইসরায়েলি সামরিক বাহিনী হিমশিম খাচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এসব ড্রোনে বিশেষ ধরনের ফাইবার অপটিক সুতা বা তার ব্যবহার করছে। এই তারের মাধ্যমে ড্রোনগুলো সরাসরি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
ফলে ইসরায়েলের জ্যামিং ডিভাইস বা সংকেত নিরোধক ব্যবস্থাগুলো ড্রোনগুলোকে শনাক্ত বা বাধা দিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।জেরুজালেম পোস্ট আরও উল্লেখ করেছে, গত রোববার উত্তর সীমান্তে হিজবুল্লাহর একটি এফপিভি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’-এর ব্যাটারিতে আঘাত হেনেছে। হিজবুল্লাহ ইতিমধ্যে এই হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
গত সপ্তাহে দক্ষিণ লেবানন পরিদর্শনের সময় ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন, এফপিভি ড্রোনগুলো আরও নিখুঁতভাবে শনাক্ত এবং ভূপাতিত করার জন্য তারা বেশ কিছু নতুন পাইলট প্রোগ্রাম বা পরীক্ষামূলক কর্মসূচি হাতে নিয়েছেন।
তবে সামরিক বাহিনী এখনো বাস্তব সময়ে এই প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।বাহিনীটি আরও জানায়, ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষেত্রে নতুন সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এর ফলে সীমান্তবর্তী সামরিক স্থাপনাগুলো উচ্চ ঝুঁকিতে রয়েছে। মূলত ফাইবার অপটিক প্রযুক্তির ব্যবহারের কারণেই ইসরায়েলের প্রচলিত ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামগুলো ড্রোনের সিগন্যাল বিচ্ছিন্ন করতে পারছে না। হিজবুল্লাহর এই কৌশলী আক্রমণ এখন ইসরায়েলের সামরিক পরিকল্পনার জন্য নতুন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন