বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৩:৪৪ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন শুভেন্দু

বিধানসভায় শপথ নিলেন শুভেন্দু।

পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে বুধবার (১৩ মে) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। গত নির্বাচনে নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর—উভয় আসন থেকে জয়ী হলেও এদিন তিনি ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নেন।উল্লেখ্য, ভবানীপুর আসনটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এর আগে এই আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টানা তিনবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী একাধিক আসন থেকে জয়ী হলে তাঁকে যেকোনো একটি আসনের বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হয়। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। 

তবে শপথ গ্রহণ শেষে তিনি জানান, ভবানীপুর থেকে শপথ নিলেও তিনি নন্দীগ্রাম কেন্দ্রের জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি অব্যাহত রাখবেন।এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও বেশ কয়েকজন নবনির্বাচিত বিধায়ক শপথ গ্রহণ করেন। তাঁদের মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক ও অশোক কীর্তনিয়া। 

বৃহস্পতিবারও বাকি কয়েকজন বিধায়কের শপথ নেওয়ার কথা রয়েছে।এর আগে মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন বিজেপি বিধায়ক তাপস রায়। পশ্চিমবঙ্গের লোকভবনে (সাবেক রাজভবন) আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আরএন রভি তাঁকে শপথবাক্য পাঠ করান। সেই অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। 

পরিষদীয় রীতি অনুযায়ী নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব পালন করেন প্রোটেম স্পিকার।পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের পর বিধায়কদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে বিধানসভার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলো। আগামী দিনগুলোতে নবনির্বাচিত এই বিধায়করা নিজ নিজ এলাকার প্রতিনিধিত্ব করবেন।