মে ২৩, ২০২৬, ০৫:১০ পিএম
পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে মাত্র একদিন করার ঘোষণা দিয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। শনিবার নতুন এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই ছুটির কাটছাঁটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ মে কোরবানি বা বকরি ঈদ উপলক্ষে সরকারি ছুটি বহাল থাকবে বলে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী একের পর এক কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন।দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারি দফতরগুলোতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে তিনি কড়া বার্তা দিয়েছেন।
ফাঁকিবাজি বা অতিরিক্ত ছুতির সংস্কৃতি বাদ দিয়ে সাধারণ মানুষকে দ্রুত সরকারি পরিষেবা দেওয়াই এই নতুন সরকারের মূল লক্ষ্য। এর আগে বছরের শুরুতে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বকরি ঈদের জন্য ২৬ ও ২৭ মে এই দুদিন ছুটি ঘোষণা করেছিল।
রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্রের স্বাক্ষর করা নতুন বিজ্ঞপ্তিতে কেন্দ্রের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে আগের দুদিনের ছুটি বাতিল করা হয়েছে।এই আকস্মিক সিদ্ধান্তের পর সরকারি কর্মচারীদের মাঝে নতুন গুঞ্জন শুরু হয়েছে।
অনেকেই প্রশ্ন তুলছেন যে বকরি ঈদের পর এবার কি দুর্গাপূজার দীর্ঘ ছুটির তালিকাতেও একইভাবে কাটছাঁট করা হবে। নতুন সরকার ইতিমধ্যে কর্মীদের দফতরে হাজিরা দেওয়ার জন্য কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে। সার্বিক কর্মসংস্কৃতি সংস্কারের অংশ হিসেবেই ছুটির এই তালিকা পুনর্বিন্যাস করা হলো বলে নবান্ন সূত্রে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন