মে ২৯, ২০২৬, ১০:৫৯ এএম
রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সামরিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদের সাম্প্রতিক মস্কো সফরে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। দুই পক্ষ ইতিমধ্যেই রাশিয়ার রাজধানীতে একটি সামরিক ও কারিগরি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
মস্কোতে এই নথিতে আনুষ্ঠানিক স্বাক্ষর করা হয়।সেখানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা সের্গেই শোইগু এবং তালেবান প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন।
চুক্তিতে আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম সরবরাহ এবং তালেবান বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই চালানে ড্রোনের মতো কোনো আত্মঘাতী বা হামলার সরঞ্জাম আছে কি না তা এখনো পরিষ্কার করা হয়নি।
কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে এই চুক্তিটি প্রতিরক্ষা খাতে দুই দেশের বোঝাপড়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিল।২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় আসার পর যেসব দেশ কাবুলে দূতাবাস বন্ধ করেনি রাশিয়া তাদের অন্যতম। এর আগে ২০২২ সালে তালেবান সরকারের সাথে প্রথমবারের মতো আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তিও স্বাক্ষর করেছিল মস্কো। যার অধীনে আফগানিস্তানে তেল, গ্যাস ও গম সরবরাহ করে আসছে তারা।
সম্প্রতি পাকিস্তানের সাথে সীমান্ত সংঘাতের পর আকাশ প্রতিরক্ষা খাতে আফগানিস্তানের দুর্বলতার বিষয়টি সামনে আসায় তালেবান এই আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহে বেশি আগ্রহী হয়ে ওঠে।তালেবান কর্মকর্তারা বারবার আশ্বস্ত করেছেন যে তারা আফগানিস্তানের মাটিতে কাউকে অন্য কোনো দেশের বিরুদ্ধে কাজ করার সুযোগ দেবে না। রাশিয়া এই অঞ্চলে তালেবান সরকারের সাথে একটি পূর্ণাঙ্গ অংশীদারিত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
বিবিসি বাংলা


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন