সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কোনো অপমান সহ্য করবে না ইরান মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৭, ২০২৬, ১১:৪৩ এএম

কোনো অপমান সহ্য করবে না ইরান মাসুদ পেজেশকিয়ান

কোনো ধরনের বহিরাগত চাপ বা অপমান সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছ থেকে চাপের মুখে নিজেদের মর্যাদা রক্ষা করার শিক্ষা পেয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও সব পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছে দেশ।

সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।আগামী শুক্রবার এই চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, এই সমঝোতাটি মূলত যুদ্ধ বন্ধ এবং নতুন আলোচনা শুরু করার দিকে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ। তবে এখনো কোনো চূড়ান্ত বা স্থায়ী চুক্তি সম্পন্ন হয়নি বলে তিনি সর্তক করেন। 

এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন যে এই সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা শুরু হবে।কূটনৈতিক এই তৎপরতার মাঝেই ইরানের শীর্ষ নেতৃত্ব নিজেদের শক্ত অবস্থান বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করছে। 

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। আন্তর্জাতিক মহলে এই সম্ভাব্য চুক্তি নিয়ে নানা বিশ্লেষণ চললেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই