জুন ২৩, ২০২৬, ১০:৪৭ পিএম
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে চরম বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্রান্সের ইতিহাসে রাতের বেলায় সর্বকালের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং দেশটিতে গরমে ও পানিতে ডুবে অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির ৫৪টি অঞ্চলে ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া বিভাগ।ফ্রান্সে তীব্র গরমে ১৮ জন এবং পানিতে ডুবে মারা গেছেন আরও ৪০ জন।
আবহাওয়া সংস্থার হিসাব অনুযায়ী, গত সোমবার রাতে ফ্রান্সের ৩০টি আবহাওয়া স্টেশনের গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৪৭ সালের পর রাতের সর্বোচ্চ রেকর্ড। দেশটির অধিকাংশ এলাকায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র গরমে নদী ও অননুমোদিত জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ছাড়া ইতালির রোম ও মিলানসহ ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি করে নির্মাণশ্রমিকদের সুরক্ষায় বিশেষ জরুরি শ্রম আইন চালু করা হয়েছে।জার্মানি ও স্পেনেও তীব্র গরমে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে এবং সেখানেও পানিতে ডুবে বেশ কয়েকজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চার দিনের এই তাপপ্রবাহে দেশের কিছু অংশে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। জলবায়ু গবেষকদের মতে, উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে আসা উষ্ণ বাতাসের প্রবাহ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেই এই ধরনের চরম আবহাওয়া দিন দিন আরও তীব্র হয়ে উঠছে।
তথ্যসূত্র: আল জাজিরা ও বিবিসি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন