জুন ২৪, ২০২৬, ০৪:৫৮ পিএম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ১০ হাজার টনের একটি বিশালাকার ক্রুজার যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন। এছাড়া দেশের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।এই সামরিক প্রকল্প পরবর্তী ৫ বছর পর্যন্ত চালু থাকবে।
সম্প্রতি উত্তর কোরিয়ার একটি বন্দর-শহরে ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ চো হিয়নকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে কিম জং উন জানান, এখন থেকে প্রতি বছর দুটি করে ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ তৈরি করবে তাঁর দেশ। খুব শিগগিরই সামরিক অপারেশনের উপযোগী ক্যাং কন নামের আরেকটি যুদ্ধজাহাজও কমিশন্ড করা হবে। নতুন এই রণতরীগুলো দেশের নৌ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী ও আধুনিক করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন অন্তর্ভুক্ত হওয়া চো হিয়ন জাহাজটি টানা ১৪ মাস পরীক্ষামূলকভাবে পরিচালনা করেছে নৌবাহিনী। এই জাহাজে অত্যন্ত শক্তিশালী আধুনিক সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে এবং গত এপ্রিল মাসে এটি থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে দেওয়া ভাষণে কিম জং উন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক তৎপরতার তীব্র সমালোচনা করে বলেন, প্রতিপক্ষের নানামুখী উসকানি তাদের পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এমন বৈরী পরিস্থিতিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন