শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

খামেনির জানাজায় মোজতবা আলী খামেনি নেই, জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৯:৩৯ পিএম

খামেনির জানাজায় মোজতবা আলী খামেনি নেই, জানাল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না তার ছেলে ও দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি।নিরাপত্তা ঝুঁকির কারণে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার ইরানের এক শীর্ষ কূটনৈতিক প্রতিনিধি নিশ্চিত করেছেন। গোয়েন্দা তথ্যে জানানো হয়েছে, মোজতবা খামেনিকে জনসমক্ষে পাওয়া মাত্রই ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সুনির্দিষ্ট হুমকি রয়েছে। 

মূলত তার ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থেই এই আনুষ্ঠানিকতা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজস্ব বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। এরপর নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা বারবার স্থগিত করতে হয়েছিল। দীর্ঘ ১৩১ দিন পর শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সে সপ্তাহব্যাপী এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে যেকোনো ধরনের নতুন উসকানি রুখতে ইরান কড়া সতর্কতা জারি করেছে। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়ে বলা হয়েছে, যেকোনো আগ্রাসনের জবাব অত্যন্ত কঠোরভাবে দেওয়া হবে।আগামী ৯ জুলাই খামেনির নিজ শহর মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে তাকে চূড়ান্তভাবে দাফন করা হবে।