রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভিসা চালু হলেও ভারতমুখী নন বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ১২:২০ পিএম

ভিসা চালু হলেও ভারতমুখী নন বাংলাদেশিরা

ছবি - সংগৃহীত

দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পরিষেবা পুনরায় চালু হলেও কলকাতার পরিচিত ব্যস্ত এলাকাগুলোর চিত্র বদলায়নি। বিশেষ করে নিউ মার্কেট ও মার্কুইস স্ট্রিট চত্বর, যা একসময় সারা বছর বাংলাদেশি পর্যটকদের ভিড়ে সরগরম থাকত, তা এখনো অনেকাংশেই ফাঁকা। কলকাতার স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিকরা ভেবেছিলেন ভিসা চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি।এর পেছনে কাজ করছে রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তার অভাববোধ।

বাংলাদেশের পর্যটকদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আলোচনায় উঠে এসেছে তাদের ক্ষোভ ও আশঙ্কার কথা। পশ্চিমবঙ্গসহ ভারতের বেশির ভাগ রাজ্যে রাজনৈতিক প্রভাব এবং মুসলিমদের ওপর আক্রমণের খবর শুনে অনেক বাংলাদেশি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পর্যটকদের মতে, ভ্রমণের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা ও আতিথেয়তার বিষয়ে তারা সবার আগে নিশ্চিত হতে চান। ভারতের রাজনৈতিক দলগুলোর বিরূপ মন্তব্য ও আচরণ অনেককেই মানসিকভাবে নিরুৎসাহিত করছে বলে জানা গেছে।

পাশাপাশি বাংলাদেশিরা এখন কলকাতার একচেটিয়া পর্যটনের বিকল্প খুঁজতে শুরু করেছেন। দুই বছর ভারতের ভিসা বন্ধ থাকায় অনেক বাংলাদেশি ভ্রমণের জন্য চীন, মালদ্বীপ, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার মতো দেশগুলোকে অগ্রাধিকার দিচ্ছেন। এর ফলে কলকাতার ব্যবসায়ী এবং পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা চরম হতাশায় দিন পার করছেন। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, তাদের ব্যবসার সিংহভাগ নির্ভর করত বাংলাদেশি ক্রেতাদের ওপর, কিন্তু এখন বিক্রি তলানিতে এসে ঠেকেছে।

হোটেল কোম্পানিগুলোর অবস্থাও অত্যন্ত শোচনীয়। মার্কুইস স্ট্রিট ও সদর স্ট্রিটের একাধিক হোটেল মালিক জানিয়েছেন, আগে যেখানে মাসের বেশির ভাগ সময় রুম বুকিং থাকত, সেখানে এখন দিনের পর দিন অর্ধেকের বেশি রুম খালি পড়ে থাকছে। ট্রাভেল কোম্পানি ও ট্যুর অপারেটরদের মতে, বাংলাদেশিদের মধ্যে ভারত ভ্রমণের প্রতি একটি প্রচ্ছন্ন মানসিক দূরত্ব তৈরি হয়েছে। পরিস্থিতি পুরোপুরি অনুকূল না হলে এবং পর্যটকদের মনে নিরাপত্তা ও সম্মানের অনুভূতি ফিরিয়ে আনতে না পারলে কলকাতার এই অর্থনীতি অচিরেই আরও সংকটের মুখে পড়তে পারে।