আগস্ট ৬, ২০২৬, ০৫:৩০ পিএম
ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসা ও কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এই ধরনের প্রতারণামূলক কার্যক্রমের শিকার হওয়া থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই জরুরি পরামর্শ প্রদান করা হয়।
হাইকমিশন জানায়, একটি কুচক্রী মহল নিজেদের হাইকমিশনের কর্মকর্তা দাবি করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে দ্রুত ভিসা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনো ভিসা প্রদান কিংবা আর্থিক লেনদেনের উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ইমেলের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন না।
সব ধরনের ভিসা সংক্রান্ত আবেদন নির্ধারিত অফিশিয়াল কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়ে থাকে। কোনো অবস্থাতেই কোনো ফোনে বা ম্যাসেজে বিশ্বাস করে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।প্রতারণা থেকে সুরক্ষায় সাধারণ মানুষের প্রতি তিনটি সুনির্দিষ্ট অনুরোধ জানিয়েছে হাইকমিশন। প্রথমত, এ ধরনের কোনো কল বা প্রস্তাব পেলে কাউকে কোনো অর্থ প্রদান করা যাবে না।
দ্বিতীয়ত, নিজের ব্যক্তিগত বা আর্থিক কোনো গোপন তথ্য অপরিচিত কারো সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। তৃতীয়ত, কেউ এই ধরনের প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক কল-মেসেজ পেলে ফোন নম্বর ও স্ক্রিনশটসহ যাবতীয় তথ্য সরাসরি নির্দিষ্ট ইমেল ঠিকানায় পাঠিয়ে হাইকমিশনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, ভিসা প্রত্যাশীদের সচেতন করার মাধ্যমেই এই চক্রের অপতৎপরতা রোধ করা সম্ভব। সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এই ধরনের তথ্য শেয়ার করে অন্যদেরও নিরাপদ রাখতে সাহায্য করার অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন