সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১১:২৪ এএম
সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই অস্ত্র চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইনপ্রণেতাদের জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর দ্বিতীয় দেশ হিসেবে রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধবিমান হাতে পাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল রিয়াদ।
চুক্তিটি চূড়ান্ত হতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এই বিক্রয় মধ্যপ্রাচ্যে কোনো সামরিক ভারসাম্য নষ্ট করবে না। বরং সৌদি আরবের ভূখণ্ডের প্রতিরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। তবে যুদ্ধবিমানগুলো ঠিক কবে নাগাদ সরবরাহ করা হবে, সেই সময়সূচি তাৎক্ষণিকভাবে জানায়নি ওয়াশিংটন।
ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাস প্রস্তাবিত এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, এটি দুই দেশের অংশীদারত্ব ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন।
ইরানের সঙ্গে আঞ্চলিক সংঘাত শুরুর পর এটিই রিয়াদের সবচেয়ে বড় সামরিক ক্রয়ের সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। একই সাথে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি জাহাজে আক্রমণ ও সমুদ্র অবরোধ ঘোষণা করায় আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। যদিও সরাসরি এই দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র জড়ায়নি, তবে মার্কিন সামরিক বাহিনী তথ্য আদান-প্রদান ও পরিকল্পনায় সৌদি বাহিনীকে সহযোগিতা করছে।
যুক্তরাষ্ট্রের ভেতরে চুক্তিটি ঘিরে আপত্তিও দেখা দিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির সদস্য রাজা কৃষ্ণমূর্তি সতর্ক করে জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে চীনা অংশীদারত্বের সুযোগে এসব স্পর্শকাতর যুদ্ধবিমানের প্রযুক্তি বেইজিংয়ের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
ন্যাটোভুক্ত ইউরোপীয় মিত্র ও ইসরায়েল ছাড়া খুব কম দেশের কাছেই এফ-৩৫ বিক্রির অনুমোদন দেয় ওয়াশিংটন।
এর আগে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় ২০১৯ সালে তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরবের ক্ষেত্রে চলতি বছরেই অন্যান্য বড় সামরিক সরবরাহ অনুমোদন করা হয়েছে। চলতি মাসে পাঁচ বিলিয়ন ডলারের বোমা ও ৭৫০ মিলিয়ন ডলারের ট্যাংক ইঞ্জিন বিক্রির পাশাপাশি গত জুলাইয়ে নিখুঁত লক্ষ্যভেদী রকেট রূপান্তরের গাইডেন্স সেকশন ক্রয়েরও ছাড়পত্র দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন