সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১১:৪৮ এএম
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে সাজানো হয়েছে। নির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এর পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। নিউইয়র্কে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় কাটাবেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেবেন। এর পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাইডলাইনে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট সমাধানসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ আয়োজিত বিশেষ আলোচনা সভাতেও তিনি সরাসরি যোগ দেবেন।
কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের সময়সূচি নির্ধারিত রয়েছে। এ ছাড়া সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজেও অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন