সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:০৬ পিএম
দিল্লিতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রাপ্তবয়স্ক একজন এবং তিন কিশোরকে আইনের আওতায় নিয়েছে পুলিশ।
পুলিশের তদন্ত দল জানিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির কুশক রোডের স্বরূপ নগর এলাকার জয়পাল রানার মাঠের কাছ থেকে ১৩ সেপ্টেম্বর ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। দেহটি পচে যাওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়।
পরিবারের পক্ষ থেকে মেয়েটি নিখোঁজের বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি বা অভিযোগ করা হয়নি। স্বজনদের বক্তব্য অনুযায়ী, সে প্রায়ই বাড়ি থেকে কয়েকদিনের জন্য বেরিয়ে যেত এবং পরে নিজে থেকেই ফিরে আসত।
ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ওই এলাকা ও আশপাশের সড়কে থাকা ৫০টির বেশি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। সেই অনুসন্ধানে ঘটনার সময় একটি টেম্পোর সন্দেহজনক চলাচল নজরে আসে। রাতে অন্ধকারের কারণে গাড়ির নম্বরপ্লেট স্পষ্ট দেখা না গেলেও বিভিন্ন এলাকার ফুটেজে গাড়িটির পথ অনুসরণ করা হয়।
১৫ ও ১৬ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে অভিযান চালিয়ে টেম্পোটি শনাক্ত করা হয় এবং চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে চারজনকে আটক ও গ্রেপ্তার করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে প্রাপ্তবয়স্ক যুবকের নাম শিবম ওরফে সুদোমা ওরফে চুচু, যে খড্ডা কলোনির বাসিন্দা। বাকি তিনজনের বয়স ১৬ ও ১৭ বছর।
পুলিশের ভাষ্যমতে, অভিযুক্তরা এবং মেয়েটি পূর্বপরিচিত ছিল। একটি টেম্পোতে ভ্রমণের সময় মদ্যপানের পর মেয়েটিকে যৌন নির্যাতন ও ছুরিকাঘাতে হত্যা করে খোলা মাঠে ফেলে দেওয়া হয়।
হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি, অভিযুক্তদের পরিধেয় পোশাক এবং অপরাধে ব্যবহৃত টেম্পোটি জব্দ করেছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন