বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
মর্মান্তিক দুর্ঘটনা

মহারাষ্ট্রের সৈকতে ভেসে গিয়ে ৮ শিক্ষার্থীর করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৯:৪১ পিএম

মহারাষ্ট্রের সৈকতে ভেসে গিয়ে ৮ শিক্ষার্থীর করুণ মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রায়গড় জেলায় সমুদ্রের তীব্র স্রোতে ভেসে গিয়ে আট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেলার দিভেগার সমুদ্রসৈকতে শিক্ষাসফরে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তারা। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসী ও পুলিশের উদ্ধারকারী দল দীর্ঘ তৎপরতা চালিয়ে সাগরে ভেসে যাওয়া আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। শিক্ষাসফরের আনন্দ মুহূর্তেই রূপ নেয় গভীর বিষাদে।

পুনের আলান্দি এলাকার উইনার্স একাডেমি নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৪৮ জনের একটি দল দিভেগার সৈকতে অবকাশযাপনে গিয়েছিল। এই ভ্রমণকারী বহরে একাদশ ও দ্বাদশ শ্রেণির ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ৬ জন শিক্ষক ছিলেন। সৈকতে ঘোরাঘুরির একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী সমুদ্রে গোসল ও সাঁতার কাটতে নামে। কিন্তু সমুদ্রের তলদেশের অপ্রত্যাশিত গভীরতা এবং পানির তীব্র টান বুঝতে না পেরে তাদের মধ্যে আটজন সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে তলিয়ে যায়।

নিহত শিক্ষার্থীদের প্রত্যেকের বয়স ছিল ১৬ বছর এবং তারা সবাই পুনের আলান্দি এলাকার বাসিন্দা ছিলেন। প্রাণ হারানো শিক্ষার্থীরা হলেন তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর এবং কৌস্তুভ সন্দীপ দাউন্দ।

দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা এবং উপকূলীয় পুলিশের দল দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে পানি থেকে মরদেহগুলো তীরে তোলে। দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি জানান, মরদেহগুলো উদ্ধারের পর বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় এবং সেখানে যাবতীয় আনুষ্ঠানিকতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু বা দুর্ঘটনাজনিত মামলা দায়ের করা হয়েছে এবং সৈকতের ওই স্থানে নিরাপত্তা ঘাটতি বা অবহেলা ছিল কি না তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।