অক্টোবর ১, ২০২৬, ০৬:২১ পিএম
সৌদি আরবের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চলে মাঝারি থেকে ভারী মাত্রার বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। বৃহস্পতিবার এক বিশেষ বুলেটিনে আবহাওয়া দপ্তর জানায় যে এই বৃষ্টিপাতের সাথে তীব্র শিলাবৃষ্টি, দমকা হাওয়া এবং ব্যাপক মাত্রায় ধূলিঝড় বয়ে যেতে পারে। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে কিছু কিছু এলাকায় আকস্মিক বন্যা ও নিম্নাঞ্চলে পাহাড়ি ঢলের বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনা অঞ্চলে এই প্রতিকূল পরিবেশ বিরাজ করবে। ঝড়ের সময় বাতাসের তীব্র গতিবেগের কারণে উন্মুক্ত মরুভূমি থেকে ধুলোবালি উড়ে গিয়ে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যেতে পারে। একই সঙ্গে পাহাড়ি ও উপকূলীয় কিছু এলাকায় ঘন কুয়াশা সৃষ্টির আশঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতির তীব্রতা বিবেচনা করে আল-বাহা অঞ্চলের আল-আকিক এলাকায় দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
ঠিক একই সময়সীমার জন্য আসির অঞ্চলের আহাদ রাফিদাহ ও খামিস মুশাইত এলাকাতেও কার্যকর থাকবে এই লাল সতর্কতা। এ ছাড়া পবিত্র মদিনা অঞ্চলে দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত রেড অ্যালার্ট বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান পাঁচটি অঞ্চল ছাড়াও দেশটির অন্যান্য বিস্তীর্ণ অংশে মেঘমালার বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। আল-জাওফ, হাইল, নর্দার্ন বর্ডার, কাসিমের উত্তরাংশ এবং পূর্বাঞ্চলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি এবং বাতাসের তীব্র বেগ অনুভূত হতে পারে।
আবহাওয়া কেন্দ্রের তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, দাম্মাম ও বুরাইদাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাজধানী রিয়াদ ও মদিনায় পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং পবিত্র মক্কা নগরীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতে পারে। অন্যদিকে বন্দরনগরী জেদ্দায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা থাকলেও সেখানে বাতাসে আর্দ্রতার মাত্রা থাকবে অনেকটাই বেশি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন