অক্টোবর ১, ২০২৬, ০৯:৩৯ পিএম
কৃষকদের যত বেশি সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাবে দেশের সামগ্রিক অর্থনীতি ও জনগণের জন্য ততই কল্যাণ বয়ে আনবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের সময় দেশের মোট জনসংখ্যা ছিল সাত কোটি, যা বর্তমানে বেড়ে প্রায় ২০ কোটিতে দাঁড়িয়েছে। এই বিপুল জনগোষ্ঠীকে খাদ্য জুগিয়ে বাঁচিয়ে রেখেছেন এ দেশের মেহনতি কৃষকেরা। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে কৃষকদের কল্যাণে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কৃষক কার্ড প্রবর্তনের মাধ্যমে তা বাস্তবে রূপ নিয়েছে।
মতবিনিময়ের আগে সংসদ সদস্য মুশফিকুর রহমান ফেনীতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি কৃষক কার্ড বিতরণ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যুক্ত হন।
কৃষক কার্ডের বহুমুখী উপযোগিতা ব্যাখ্যা করে তিনি জানান, এই বিশেষ কার্ড ব্যবহার করে কৃষকেরা সহজে ন্যায্যমূল্যে উন্নত জাতের বীজ, সার এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে ব্যাংক থেকে সহজ শর্তে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ পাওয়ার জটিলতা দূর হবে। সব মিলিয়ে এই কার্ডের আওতায় কৃষকদের জন্য মোট ১০ ধরনের বিশেষায়িত সেবা নিশ্চিত করা হয়েছে।
ফেনীতে প্রধানমন্ত্রীর উদ্বোধনী পর্ব সমাপ্তির পর আখাউড়া মিলনায়তনে প্রতীকীভাবে চারজন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে এই নতুন কৃষক কার্ড তুলে দেন উপস্থিত অতিথিরা।
আখাউড়া উপজেলায় প্রাথমিকভাবে মোট এক হাজার ৮৫১ জন কৃষক এই সরকারি সুবিধা পাচ্ছেন। সুবিধাভোগীদের মধ্যে এক হাজার ২৩৮ জন পুরুষ কৃষক এবং ৬১৩ জন নারী কৃষক অন্তর্ভুক্ত রয়েছেন। কৃষক কার্ডের প্রাথমিক সুবিধা হিসেবে ইতিমধ্যে প্রত্যেক সুবিধাভোগীর নিজ নিজ ব্যাংক বা মোবাইল হিসাব নম্বরে দুই হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা স্থানান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এই ভার্চুয়াল সম্প্রচার ও বিতরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তাফা এমরান হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা।
এ সময় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার খান এবং আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ উল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা সভায় অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন